জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে মাধ্যমিক পর্যায়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর রূপান্তরের এখনই সময়’এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার। মূল আলোচক ছিলেন সনাকের পরিবেশবিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈন।
আলোচনায় ইসমাঈল হোসাঈন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে সৌর, বায়ু ও পানি থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইনের ঘাটতি দূর করা জরুরি। তিনি ঝালকাঠির প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সবুজ বেষ্টনিতে ঝালকাঠি দেশের শীর্ষ অবস্থানে রয়েছে। এটি যেমন গর্বের, তেমনি এই অজুহাতে যেন নির্বিচারে গাছ কাটা না হয়, সে দিকেও নজর রাখতে হবে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা তামান্না ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. ফখরুল আলম এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন এবং টিআইবি সনাককে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, “দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে টিআইবি সব সময় সোচ্চার। একটি সুশাসিত সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠান শেষে টিআইবি প্রণীত ধারণাপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এতে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতকরণসহ ১২টি সুপারিশ তুলে ধরা হয়।


