ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালুকা পৌর শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহীত ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল প্রথম দিনের আয়োজন। এ কর্মসূচির আওতায় ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দোয়া মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি পালন করা হবে।


