ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু’র উদ্যোগে উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, সংস্কার/মেরামত ও সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় ভালুকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার শিক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯৭টি মাদ্রাসায় সীমানা প্রাচীর নির্মাণ, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলবে। এছাড়া ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ এবং ২১টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে এসব ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষের চাহিদা বিবেচনায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে উর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও পর্যাপ্ত ও আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ৫১টি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়, ৮টি কলেজ এবং ৬৩টি মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এতে শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে। এ বিষয়ে স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভালুকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। একই সঙ্গে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষা সুবিধার আওতায় আসবে।
সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু শিক্ষা খাতের এ ব্যাপক উন্নয়ন কার্যক্রমকে ভালুকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। শিক্ষাবান্ধব ও আধুনিক ভালুকা গঠনের লক্ষ্যে এই উন্নয়ন প্রকল্পগুলোকে উপজেলার শিক্ষা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


