সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও মানাউরা তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও প্রবাসী সমাজসেবক মাওলানা সাংবাদিক রশিদ আহমদ। শনিবার (৩০ মে) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি হাফিজ জাকারিয়া আহমদ। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ। সেক্রেটারির দায়িত্বে রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা কুতুব উদ্দিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বর্তমান মেম্বার খালেদ আহমদ, আব্দুল ওয়াহিদ বাবুল, সামসুল ইসলাম, হাফিজ আনোয়ার হুসাইন, আজিজুর রহমান আজই এবং ইনচান আলী।
মাওলানা রশিদ আহমদ একজন সুপরিচিত শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠক। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রুকলিন, নিউইয়র্কের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার সভাপতি এবং মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা, সাহিত্য ও গণমাধ্যমে দীর্ঘদিনের অবদানের জন্য পরিচিত মাওলানা রশিদ আহমদ কয়েকটি গ্রন্থেরও লেখক। তার নেতৃত্বে মানাউরা তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


