নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল (ফেয়ারডিল) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ মে) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনে থাকা বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল এই মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের টহল দল সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সীমান্ত এলাকায় এই অভিযানটি পরিচালনা করে।
টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার প্রধান সীমান্ত পিলার ১১৪৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ‘জংখল’ নামক স্থানে নিবিড় তল্লাশি চালায়। এ সময় গভীর ঝোপঝাড়ের ভেতর চোরাকারবারিদের ফেলে যাওয়া সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাটি খুলে এর ভেতর থেকে ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। মাদকসমূহ মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত হিসেবে উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র এমন নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


