স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে নিপীড়ন বিরোধী যশোর”-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণকরেন।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, ইসলামিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমিয় রহমান, যশোর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খানজাহান আলী শান্ত, যশোর ইংলিশ স্কুলের সহকারী শিক্ষক শ্যামল শর্মা, খবির শিকদার, সাংবাদিক তৌহিদ জামান, কমরেড জিল্লুর রহমান ভিটু, আহমেদ ফারুক লিটন, আব্দুল মালেক, দেবু মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার পরও বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তারা বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি একটি অসুস্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বক্তারা আরও বলেন, “যে সমাজে নারী নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য বা মানবিক হতে পারে না। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে শুধু ক্ষোভ প্রকাশ করলেই হবে না, সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গ্রাম ও শহর—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” সমাবেশে বক্তারা রামিসাসহ সারাদেশের নির্যাতিত নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “নীরবতা অপরাধীদের শক্তি দেয়। তাই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠিত জনগণই পারে নারী নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তুলতে।” মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


