নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ইজারা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ মে) দুপুরের দিকে পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রকাশ্য নিলাম চলাকালে এ হট্টগোল ও সংঘর্ষের সূত্রপাত হয়।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম প্রক্রিয়া শুরু হয়। নিলামে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও দরদাতারা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জড়ো হন।
নিলাম চলাকালীন পশুর হাটের দর ডাকা নিয়ে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সম্মেলনকক্ষের ভেতর ও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ইজারা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
এ ঘটনার বিষয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, “বিএনপির নেতা-কর্মীরা প্রভাব খাটিয়ে পশুর হাটের ইজারা নেওয়ার চেষ্টা করলে জামায়াতের নেতা-কর্মীরা তাতে বাধা দেন। এ সময় হামলায় আমাদের দলের কয়েকজন আহত হয়েছেন।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, জামায়াতের তোলা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। তিনি বলেন, “জামায়াতের লোকজনই প্রভাব খাটিয়ে সবগুলো পশুর হাটের ইজারা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল। বিএনপির পক্ষ থেকে হামলার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সার্বিক বিষয়ে পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান জানান, পশুর হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ইজারা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


