জামালপুর প্রতিনিধি: জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে (রবিবার) সিংহজানী খাদ্য গুদাম (এলএসডি) সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা কার্যালয়ে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কৃষকের ঘাম ঝরানো ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতেই সরকারি সংগ্রহ অভিযান।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, খাদ্য গুদামে কোনোভাবেই যেন নিম্নমানের ধান-চাল সংগ্রহ করা না হয়। শতভাগ মানসম্মত খাদ্যশস্য সংগ্রহ নিশ্চিত করতে হবে।
এমপি ওয়ারেছ আলী মামুন আরও বলেন, “খাদ্য গুদামে ধান বা চাল বিক্রি করতে এসে সাধারণ কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি, বিলম্ব কিংবা দালালের খপ্পরে না পড়েন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। যদি কোনো সিন্ডিকেট বা দালালের অস্তিত্ব পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সিংজহানী এলএসডি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার এবং সিংহজানী খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহামেদসহ স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা।



