কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে এনামুল হক (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে এনামুল হক বাড়ির পাশের মাসকা হাওরের জলাশয়ে মাছ ধরতে যান। ওই সময় আকাশে মেঘ দেখা দেয় এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে এনামুল সরাসরি এর শিকার হয়ে গুরুতর আহত হন।
মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয় লোকজন তাকে হাওরের মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে এনামুলকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বজ্রপাতে এনামুলের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদজানান, আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”



