পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে আজ চীন যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বেইজিং সফর।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে ড. খলিলুর রহমান ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকাগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

চীন সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যকার ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের’ কাঠামোর আওতায় পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধি, বিভিন্ন খাতে বিনিময় ও বাস্তবমুখী সহযোগিতা জোরদার করা এবং উচ্চমানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছে চীন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version