নিজস্ব প্রতিবেদক: নদী, খাল-বিল, ডোবা ও বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে মাছের নির্বিঘ্ন প্রজনন রক্ষার্থে ডিমওয়ালা মাছ (মা-মাছ) ধরা এবং বিক্রি সম্পূর্ণরূপে বন্ধের দাবিতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় আটপাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ এবং পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন কোয়ালিশন’।
মানববন্ধনে বক্তারা দেশীয় মাছের বর্তমান সংকট তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি প্রজনন মৌসুমে নদী-নালা ও খাল-বিল থেকে নির্বিচারে ডিমওয়ালা মাছ ধরছে এবং তা হাটবাজারে বিক্রি করছে। এর ফলে দেশীয় প্রজাতির সুস্বাদু সব মাছ ক্রমেই বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। প্রাকৃতিক উৎস থেকে মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে এখনই এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একইসঙ্গে হাটবাজার ও জলাশয়গুলোতে সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানোর জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারসিক এর নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, আটপাড়া উপজেলা গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি সাজেদুল সেলিম, সহ-সভাপতি মাকসুদুল হক এবং সংগঠনের সদস্য যোগেশ দাস, নাছরিন ও মাহমুদা।
এছাড়া এ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বারসিক কর্মকর্তা পার্বতী সিংহ, শংকর ম্রং, মো. সুয়েল রানা। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, তরুণ সমাজ, জেলে সম্প্রদায়, সংস্কৃতিকর্মী, পরিবেশকর্মীসহ গ্রিন কোয়ালিশনের অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ডিমওয়ালা মাছ নিধন ও বিক্রি বন্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন আয়োজক ও পরিবেশকর্মীরা।
