শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় হাওরের বোরো ধান কাটার মৌসুমে কৃষকদের বিশুদ্ধ পানির তীব্র সংকট দূর করতে নয়টি টিউবওয়েল বা নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এই প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে হাওরের বিভিন্ন কান্দায় সনাতন পদ্ধতিতে বাঁশের কাঠামো তৈরি করে নলকূপ বসানোর কাজ পুরোদমে এগিয়ে চলছে।
প্রতি বছর চৈত্র-বৈশাখ মাসে বোরো ধান কাটার মৌসুমে কৃষকরা হাওর থেকে ধান কেটে উঁচু স্থান বা ‘কান্দা’ তে উঠিয়ে রাখেন। এ সময় বিস্তীর্ণ হাওরে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা থাকে না। প্রচণ্ড রোদে কাজ করার পর তৃষ্ণা মেটাতে কৃষকরা বাধ্য হয়ে হাওরের দূষিত পানি পান করতেন, যা তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলত। কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এমন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে তারা সহজেই কান্দায় বিশুদ্ধ পানি পাবেন এবং পানিবাহিত নানা রোগবালাই থেকে অনেকাংশে রক্ষা পাবেন।
নির্ধারিত নয়টি টিউবওয়েলের স্থানগুলো হলো- সোনাডুবি কান্দায় পূর্বে একটি ও পশ্চিমে একটি, নাগডরা কান্দায় পূর্বে একটি ও পশ্চিমে একটি এবং একটি করে মুক্তাখলা কান্দায়, কাজীউরি কান্দায়, হাইডুলি কান্দায়, কাটাগোফাট কান্দায় ও কলমাকান্দা বাজারে।
প্রকল্পটির বিষয়ে কলমাকান্দা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোসা. রুম্মান আরা বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, ধান কাটার সময় কৃষকদের সুবিধার কথা বিবেচনা করেই মূলত এই টিউবওয়েলগুলো বসানো হচ্ছে।
প্রকল্পটির কারিগরি দিক সম্পর্কে তিনি জানান, হাওরের কান্দাগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং গভীর নলকূপ বসানোর সুযোগ না থাকায় সাবমার্সিবল পাম্পের বদলে এখানে স্বল্প গভীরতার হ্যান্ড-টিউবওয়েল (হস্তচালিত নলকূপ) বসানো হচ্ছে। স্বল্প গভীরতার কারণে পানিতে কিছুটা আয়রন থাকতে পারে, তবে এটি কৃষকদের তাৎক্ষণিক সুপেয় পানির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। বন্যার পানি থেকে নলকূপগুলোকে যতটা সম্ভব রক্ষা করার জন্য এগুলোর গোড়া বা প্ল্যাটফর্ম কিছুটা উঁচু করে নির্মাণ করা হবে।
হাওর অঞ্চলে কৃষকদের জন্য এটি একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ধান কাটার ভরা মৌসুমে নলকূপগুলো তাদের দীর্ঘদিনের পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
