রুহুল আমিন, ডিমলা(নীলফামারী):
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডিমলা উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান আনুষ্ঠানিক উদ্বোধনের পর বের হয় বর্ণিল শোভাযাত্রা, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে ছিল বৈশাখী মেলা, গ্রামীণ খেলা হাডুডু এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় পান্তা-ইলিশ, পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী পণ্যের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়। বিকেলে হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। নতুন বছরের প্রত্যাশা ও বাঙালির ঐতিহ্যের গর্বে দিনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।
