নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলার চার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের বাড়ি বাড়ি ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের হাতে এ উপহারসামগ্রী তুলে দেন।

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুর্গাপুর উপজেলার মাসুম বিল্লাহ, ওমর ফারুক, সাইফুল ইসলাম সেকুল এবং জাকির হোসেন শহীদ হন। দেশের জন্য প্রাণ দেওয়া বীর সন্তানদের পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে শুরু থেকেই তাদের পাশে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এরআগেও বিভিন্ন সময়ে তিনি এই পরিবারগুলোকে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

জানা যায়, চার শহীদের পরিবারকে দেওয়া এবারের ঈদ উপহারের তালিকায় ছিল উৎসবের নানা আয়োজন। এর মধ্যে রয়েছে সেমাই, নুডলস, চিনি, দুধ, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের নতুন পোশাকের আনন্দ দিতে দেওয়া হয়েছে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট ও থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী।

ঈদের আগে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আনন্দ প্রকাশ করে তারা বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। এরআগেও তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করে সাহস জুগিয়েছেন। ঈদের উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করি।”

শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। এই বীর শহীদদের আত্মবলিদানের জন্যই আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের ঋণ কখনো শোধ করার নয়। তাই তাদের পরিবারের পাশে সর্বদাই আমরা আছি এবং আগামীতেও থাকবো।”

স্থানীয়রা বলছেন, ঈদের আগে জনপ্রতিনিধির এমন উদ্যোগে শহীদ পরিবারগুলো যেমন সম্মানিত বোধ করছে, তেমনি সমাজে এটি একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version