মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ  মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার( ৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন আয়োজনে নিংতম কাং টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

ফেডারেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনীন্দ্র সিংহ,ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের সাধারন সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘কাং খেলা’ মণিপুরীদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীন খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ ‘লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মণ্ডপঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। এক-এক দলে সাতজন করে খেলোয়াড় থাকে। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়।

অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তারাই বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭ – ৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করে। এবারের নিংতম কাং টুর্নামেন্টে  ৬টি দল অংশগ্রহণ করছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version