মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

জামালপুর প্রতিনিধি: সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, অগ্নিসন্ত্রাস ও আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ তীব্র প্রতিবাদ জানিয়ে জামালপুরে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়। অগণতান্ত্রিক অপতৎপরতা রুখে দিয়ে দলের শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের ঐতিহাসিক জগবন্ধু স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে স্লোগান দেন। শহর প্রদক্ষিণ শেষে সুশৃঙ্খল মিছিলটি শহরের মডেল মসজিদ মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলের নেতৃত্বদানকারী জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এছাড়া সমাবেশে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন- জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হক মানিক এবং মো. রতনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়ে এবং অগ্নিসন্ত্রাস করে একটি মহল ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, জাতীয়তাবাদী শক্তি তা কোনোভাবেই মেনে নেবে না।’

নেতৃবৃন্দ আরও বলেন, দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দলের শীর্ষ নেতা তারেক রহমানের দেওয়া প্রতিটি দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের মাধ্যমে রাজপথে থেকেই সব ধরনের দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে শহরের মডেল মসজিদ মোড় এলাকায় যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version