মো : আতাউর রহমান। মিরপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে হুট করেই ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের অবসরের সিদ্ধান্তে অবাক ক্রিকেটার, সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষকসহ সমর্থকরাও। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় চলেছে বিভিন্ন প্রকার মন্তব্যের ঝড়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই বিষয়ে অবগত ছিল না। ছিলেন না সাবেক-বর্তমান সতীর্থরাও। তামিমের এমন সিদ্ধান্তে হতবাক সবাই। সাবেক অধিনায়ক ও সতীর্থ মাশরাফি বিন মর্তুজা তো তো রীতিমত বিস্মিত। ফেসবুকে বিশাল পোস্টে তামিমের অবসর নিয়ে প্রশ্নও তুলেছেন মাশরাফি, তার বিদায়ের পরই ওয়ানডে নেতৃত্ব পাওয়া তামিম নিজ ইচ্ছায় সরে গেলেন নাকি কোন চাপ তাকে বাধ্য করেছে?
ফেসবুকে এ নিয়ে দেওয়া মাশরাফির স্ট্যাটাসের কিছু অংশ এখানে তুলে ধরা হলো—
তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যাক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।
তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনো চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।
যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার।’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনো সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে!
<তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।
তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতট মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে।
তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।
আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা।
গুড বাই মি. তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের নাটকীয় অবসরের পর বিসিবি সভায় চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। তবে আফগানিস্তান সিরিজের জন্য লিটন দাসকে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাতে রাজধানীর একটি হোটেলে বোর্ড সভার পর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লিটনকে এই সিরিজের দায়িত্ব দেওয়া হলেও এখনো তামিমের ফেরার আশা করছেন বোর্ড প্রধান, 'এখন কোন স্থায়ী অধিনায়ক দিচ্ছি না। যে ভাইস ক্যাপ্টেন আছে সেই লিটন দাস অধিনায়কত্ব করবে।


