নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ জনপদে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকার গল্পটা বরাবরই সংগ্রামের। জুমার নামাজের পর মুসল্লিদের দান, বাড়ি বাড়ি ঘুরে তোলা মুষ্টির চাল কিংবা বিত্তবানদের মৌসুমি অনুদান- এসবের ওপর ভর করেই যুগ যুগ ধরে চলে আসছে অধিকাংশ মসজিদ ও মাদ্রাসার দৈনন্দিন কার্যক্রম। কিন্তু এই চেনা ছকের বাইরে গিয়েও সরকারি সম্পদের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাবলম্বী করা যায়, তারই যুগান্তকারী ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে।
একটি সরকারি পুকুর, যা একসময় কেবল ব্যক্তিবিশেষের পকেট ভারী করত, তা আজ রূপ নিয়েছে জনকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থায়ী আয়ের উৎসে। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে দূরদর্শী রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গাঁওকান্দিয়া বাজারের সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে সাধারণ ইজারাদারদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। এতে সরকারের রাজস্ব এলেও স্থানীয় সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো লাভ হতো না। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল, পুকুরটি মসজিদ-মাদ্রাসার কল্যাণে ব্যবহার করা হোক।
বিষয়টি নজরে আসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের। ধর্মীয় প্রতিষ্ঠান দুটির আর্থিক সংকটের বিষয়টি অনুধাবন করে তিনি সিদ্ধান্ত নেন। তার বিশেষ নির্দেশনা ও প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রায় এক বছর আগে পুকুরটি সাধারণ ইজারাদারের কাছ থেকে মুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হস্তান্তর করা হয়। শুধু এক বছরের জন্য নয়, বরং প্রতিবছর যেন পুকুরটি গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, সে জন্য স্থায়ী আইনি ও কাঠামোগত ভিত্তিও গড়ে দেওয়া হয়েছে।
পুকুরটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পর স্থানীয়দের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বাজার কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য রিয়াজ উদ্দিন আহমেদসহ স্থানীয় মুসল্লিদের নিবিড় তত্ত্বাবধানে শুরু হয় বাণিজ্যিক মাছ চাষ।
সবার সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিয়মিত পরিচর্যার ফলে এক বছরের ব্যবধানেই মিলেছে প্রত্যাশিত ফলন। সম্প্রতি পুকুরের মাছ বিক্রি করে মসজিদের তহবিলে জমা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। স্থানীয়দের চোখে, পুকুরটি এখন আর কেবল মাছ চাষের জলাশয় নয়; এটি গাঁওকান্দিয়া বাজারের মসজিদ ও মাদ্রাসার অস্তিত্ব রক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়নের ‘জিয়নকাঠি’।
পুকুর থেকে অর্জিত আয়ের সুষ্ঠু বণ্টন নিয়ে নেওয়া হয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। দুর্গাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মূল পরিকল্পনা অনুযায়ী পুকুরের বার্ষিক আয় মসজিদ এবং মাদ্রাসা- উভয় প্রতিষ্ঠানের মধ্যেই সমানুপাতিক হারে ভাগ করে দেওয়ার কথা।
তবে বাস্তবতার নিরিখে এবার কিছুটা ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুরুজ্জামান রিপন বলেন, “চলতি বছর পুকুরের পাড় ভেঙে যাওয়ায় তা সংস্কার এবং মসজিদের কিছু জরুরি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। তাই মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ বছরের মাছ বিক্রির পুরো আয় সেই উন্নয়নমূলক কাজেই ব্যয় করা হচ্ছে। তবে আগামী বছর থেকে অর্জিত লভ্যাংশ পূর্বপরিকল্পনা অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের মধ্যেই সুষমভাবে বণ্টন করা হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, পুকুরের পাড় বাঁধাই ও সংস্কারকাজ সম্পন্ন হলে আগামীতে মাছের উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি পাবে। তখন এই আয় দিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন, মাদ্রাসার শিক্ষকদের সম্মানী, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যয় মেটানো অত্যন্ত সচ্ছলভাবে সম্ভব হবে।
সাধারণত সরকারি সম্পদ অনেক সময় অবহেলায় পড়ে থাকে, নয়তো প্রভাবশালীদের দখলে চলে যায়। সেখানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সুশাসন ও সম্পদের জনকল্যাণমুখী ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
পরনির্ভরশীলতা ঘুচিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর খবরে গাঁওকান্দিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও মুসল্লিদের মধ্যে আনন্দের সুবাতাস বইছে। স্থানীয় প্রবীণ থেকে শুরু করে তরুণ সমাজ- সবার কণ্ঠেই এখন সন্তুষ্টির সুর। মসজিদ কমিটি, মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে মহৎ এই উদ্যোগ কবুলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন। পাশাপাশি তারা ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
গাঁওকান্দিয়ার এমন উদ্যোগ আজ প্রমাণ করেছে, সদিচ্ছা ও সঠিক নেতৃত্ব থাকলে সীমিত সম্পদ দিয়েই সমাজের বড় বড় সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। এলাকাবাসীর প্রত্যাশা, এই মডেলটি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে এবং অন্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোও একইভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পাবে।


