জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) তারিখ বিকাল ৩.০০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো শাহজাহান, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইতিহাস বিভাগের সভাপতি মোছাঃ সানজীদা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন অনুষদের ডিন ও প্রক্টর ড.মো রাজিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো শাহজাহান বলেন, বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ও রাজনীতিতে পাশে থেকে সহযোগিতা করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব।
আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান বলেন, বাঙ্গালি জাতি গঠনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের অবদান অপরিসীম।যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম থাকবে।
অনুষ্ঠানের সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গমাতা ছিলেন অনন্য সাধারণ একজন মহিয়সী নারী। তাঁকে নিয়ে অনেক গবেষণা করা যায়। তিনি ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে বুকে ধারণ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বশমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব হল নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল বলা ১১টায় হল প্রাঙ্গনে বৃক্ষরোপণ, সন্ধ্যা ৭.০০টায় কেক কাটা, সন্ধ্যা ৭.১৫টায় আলোচনা সভা, উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


