কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা এবং কওমি মাদ্রাসাগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে পারেন, সে জন্য আলেম-ওলামাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ইলম, তাকওয়া ও আত্মশুদ্ধির এই আয়োজনে দেশ-বিদেশের বিশিষ্ট শায়খুল হাদিস ও ইসলামি চিন্তাবিদদের উপস্থিতি সম্মেলনকে বিশেষ মর্যাদা দিয়েছে। দস্তারবন্দি অর্জনকারী আলেমদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের ভবিষ্যৎ ইলমি ও দাওয়াতি জীবনের সফলতা কামনা করেন।
জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে তিনি বলেন, ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষাধারার ভিত্তিতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ইসলামি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও দেওবন্দি শিক্ষাধারা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ সময় জামিয়ার বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী বিশিষ্ট আলেমদের অবদানের কথা উল্লেখ করেন ধর্মমন্ত্রী। পাশাপাশি বর্তমান মুহতামিম মাওলানা মো. আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে বিএনপির বিভিন্ন সময়ের রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, ইসলামি শিক্ষাব্যবস্থার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ধর্মমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে মসজিদ খাতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার তাওফিক দান করেন। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সম্প্রতি তাঁর হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। সুস্থ হয়ে যেন আলেম-ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমত অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সফলতা কামনা করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে দেশের সব কওমি মাদ্রাসায় ইসলামি জ্ঞানচর্চা অব্যাহত রাখা এবং দেশকে বিশৃঙ্খলা ও ফিতনা থেকে রক্ষার জন্য দোয়া করেন তিনি।
সূত্র: কালবেলা অনলাইন।


