১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দেশের সব জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি এবং জ্বালাও-পোড়াওয়ের অভিযোগের প্রতিবাদ জানানো হবে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘোষিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দাবিকে সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামী ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করার পরিকল্পনাও রয়েছে দলটির।
জামায়াতের ঘোষিত দীর্ঘমেয়াদি কর্মসূচির মধ্যে ডিসেম্বর মাসে আলোচনা সভা, বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমও রয়েছে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এদিকে বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে ও সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখা এবং দেশবাসীর সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


