নিজস্ব প্রতিবেদক: হাওরাঞ্চলের ভোর নামে নিবিড় নীরবতা নিয়ে। চারদিকে তখনো রাতের আঁধার কাটেনি, মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসার অপেক্ষা। বুধবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরের সেই চিরচেনা নীরবতা হঠাৎই ভেঙে যায় আগুনের লেলিহান শিখায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলার জানালার কাঁচ ও লোহার গ্রিল ভেদ করে বেরিয়ে আসতে থাকে কমলা-লাল আগুনের আভা আর ঘন কালো ধোঁয়া।
সরকারি কোনো জরুরি বাহিনীর সাইরেন বাজার আগেই সেই বিপদের খবর ছড়িয়ে পড়ে আশপাশের পাড়া-মহল্লায়। ফজরের নামাজের প্রস্তুতি নিতে যাঁরা ঘুম থেকে উঠেছিলেন, আগুনের খবর কানে যেতেই তাঁরা আর ঘরে বসে থাকেননি। নারী-পুরুষ, তরুণ-প্রবীণনির্বিশেষে যাঁর হাতের কাছে যা ছিল- প্লাস্টিকের বালতি, জগ, মগ কিংবা কলসি- তাই নিয়ে ছুটে আসেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। কার্যালয়ের কর্মচারী, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সেই অভূতপূর্ব দৃশ্যে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে আসে আগুন; রক্ষা পায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও পুরো প্রশাসনিক ভবন।
ভোরের আবছা আলো ফোটার সঙ্গে সঙ্গেই খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর রূপ নেয় ব্যতিক্রমী কর্মযজ্ঞে। দোতলার কক্ষে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের তীব্রতা কমাতে স্থানীয় তরুণ ও বাসিন্দারা ছুটে যান কার্যালয়ের অদূরে লাল শাপলা ফোটা পুকুরপাড়ে। পুকুরের ঘাটে নেমে একের পর এক বালতি ভরে পানি তুলে দুই হাতে দৌড়ে পৌঁছে দেওয়া হয় দোতলার সিঁড়িতে। শুধু বালতি কিংবা কলসিতেই সীমাবদ্ধ থাকেনি সেই প্রচেষ্টা; দ্রুত কমলা ও সবুজ রঙের প্লাস্টিকের পাইপ টেনে পানির লাইন সংযোগ দিয়েও আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় প্রবীণ ও যুবকেরা।
একদিকে ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ, অন্যদিকে ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষের ভেতরে পানি ছিটানো- প্রায় এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় থামে আগুনের তাণ্ডব।
উদ্ধারকাজে শুরু থেকেই সক্রিয় থাকা স্থানীয় এক তরুণ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ফজরের নামাজের আগে আমরা খবর পাই যে ইউএনও অফিসে আগুন লেগেছে। খবর পেয়েই দৌড়াদৌড়ি করে চলে আসি। পরে অফিস স্টাফ, সরকারি কর্মকর্তা এবং আমরা গ্রামবাসী সবাই মিলে পুকুর থেকে পানি তুলে ঢালি এবং আগুন নিয়ন্ত্রণে আনি।’
তার পাশেই থাকা স্থানীয় আরেক বাসিন্দা জানান, ফজরের আজানের অল্প কিছুক্ষণ আগে খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে ছুটে এসে তিনি দোতলায় বিশাল আগুন জ্বলতে দেখেন। তার ভাষায়, ‘এলাকার নারী-পুরুষ সবাই মিলে চেষ্টা করে ফায়ার সার্ভিস আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি।’
বিপদের সেই মুহূর্তে ঘরের কোণে বসে থাকেননি এলাকার নারীরাও। বালতি-মগ হাতে পানি সরবরাহে ব্যস্ত থাকা স্থানীয় এক নারী বলেন, ‘নামাজ পড়তে উঠেই আগুনের খবর পাই। খবর পেয়েই মহিলারা দ্রুত চলে আসি। অফিসের কর্মচারী আর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।’
আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে ইউএনও কার্যালয়ের দোতলায় গিয়ে দেখা যায় ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। দোতলার লম্বা বারান্দাজুড়ে ছড়িয়ে আছে ছাই, কালি আর পানি। মূল অফিস কক্ষের প্রবেশপথের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের নামফলকটি ধোঁয়ায় কালচে হয়ে গেছে, পাশের জানালার কাঁচ ফেটে ঝুলে আছে।
কক্ষের ভেতরে ঢুকতেই চোখে পড়ে পুড়ে কয়লা হয়ে যাওয়া আসবাবপত্র, টেবিল-চেয়ার ও প্রয়োজনীয় সামগ্রীর স্তূপ। দেয়ালগুলো কালো ঝুলে ঢেকে গেছে, ছাদ থেকে ঝুলছে পুড়ে যাওয়া বৈদ্যুতিক তার। আগুন নিভে যাওয়ার পরও পোড়া ধ্বংসাবশেষ থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতরে ঢুকে অবশিষ্ট ধোঁয়া ও জ্বলন্ত ধ্বংসাবশেষ পুরোপুরি নির্বাপণের (ডাম্পিং) কাজ সম্পন্ন করেন।
এ সময় স্থানীয় তরুণেরাও রড ও লাঠি দিয়ে পোড়া স্তূপ সরিয়ে ভেতরের আগুন পুরোপুরি নিভেছে কি না, তা নিশ্চিত করতে সহায়তা করেন। সৌভাগ্যক্রমে ভোরের এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার কার্যালয়ের মূল অফিস কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতরে থাকা টিভি ক্যাবিনেটের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আগুন পুরোপুরি নেভানো ও পরিদর্শনের কাজ চলমান থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি; যাচাই-বাছাই শেষে পরবর্তীতে তা জানানো যাবে।’
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
হাওরবেষ্টিত খালিয়াজুরীর মতো জনপদে ভোরের ওই সময়টায় সাধারণ মানুষ যদি তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসতেন, তবে আগুন দোতলার পাশের কক্ষ ও পুরো ভবনে ছড়িয়ে পড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারত। সরকারি সম্পদ রক্ষায় দলমত ও পেশা নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নাগরিক দায়িত্ববোধ এখন পুরো এলাকার মানুষের প্রশংসায় ভাসছে।


