রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় বাঘের বাজার, মেম্বারবাড়ি, নতুন বাজার সহ আর ও বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীরা। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও অপর একটি দল মহাসড়ক অবরোধ করে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান- মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা একযোগে কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


