নিজস্ব প্রতিবেদক: সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের হাটবাজারের ছোট্ট দোকান, বাড়ির আঙিনায় গড়ে ওঠা পারিবারিক কর্মশালা কিংবা স্থানীয় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান- নেত্রকোনার অর্থনীতির প্রকৃত গল্পটা লুকিয়ে আছে ঠিক এখানেই। জেলায় বিশাল কোনো ভারী শিল্পাঞ্চল না থাকলেও নীরবে ও নিজস্ব গতিতে দাঁড়িয়ে আছে এক বিশাল শ্রম ও উদ্যোক্তা বাজার। জেলার প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের জীবিকার চাকা সচল রেখেছেন মূলত গ্রামীণ জনপদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই।
‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর সদ্য প্রকাশিত ফলাফলে উঠে এসেছে নেত্রকোনার তৃণমূল অর্থনীতির পূর্ণাঙ্গ ও চমকপ্রদ চিত্র। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক এক সেমিনারে এই তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. জজ মিয়া। তার উপস্থাপিত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, নেত্রকোনার অর্থনৈতিক কাঠামো পুরোপুরি বিকেন্দ্রীকৃত এবং গ্রামমুখী। জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩৯৩টি। এর মধ্যে ৯৫ হাজার ৭৭২টি ইউনিটই অবস্থিত গ্রামীণ এলাকায়, যা মোট ইউনিটের ৭৬ দশমিক ৩৮ শতাংশ। বিপরীতে জেলা ও উপজেলা শহর মিলিয়ে শহরাঞ্চলে রয়েছে ২৯ হাজার ৬২১টি ইউনিট, যা মোট সংখ্যার ২৩ দশমিক ৬২ শতাংশ।
প্রতিষ্ঠানের ধরন পর্যালোচনায় দেখা যায়, জেলায় স্থায়ী অবকাঠামোভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যাই সবচেয়ে বেশি- ৭৩ হাজার ৭১৯টি। তবে পারিবারিক পরিসরে গড়ে ওঠা অর্থনৈতিক খানাও জেলার অর্থনীতিতে বড় অবদান রাখছে; এ ধরনের খানা রয়েছে ৪৬ হাজার ২৯৬টি। এ ছাড়া অস্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ৩৭৮টি।
অর্থনৈতিক ইউনিটের মতো কর্মসংস্থানের ক্ষেত্রেও শহরের তুলনায় গ্রাম অনেক এগিয়ে। জেলার সোয়া লাখের বেশি অর্থনৈতিক ইউনিটে ২ লাখ ২৯ হাজার ৭৮৭ জন জনবল (টিপিই) নিয়োজিত রয়েছেন। এর মধ্যে গ্রামীণ এলাকায় কর্মরত আছেন ১ লাখ ৫৮ হাজার ৫০২ জন, যা জেলার মোট কর্মসংস্থানের ৬৮ দশমিক ৯৮ শতাংশ। শহর এলাকায় জীবিকা নির্বাহ করছেন ৭১ হাজার ২৮৫ জন বা ৩১ দশমিক ০২ শতাংশ মানুষ।
খাতভিত্তিক কর্মসংস্থানের হিসাবে দেখা যায়, স্থায়ী প্রতিষ্ঠানে কাজ করছেন ১ লাখ ৬৫ হাজার ৩৩৬ জন। পারিবারিক বা অর্থনৈতিক খানায় নিয়োজিত আছেন ৫৮ হাজার ৮৮ জন এবং অস্থায়ী প্রতিষ্ঠানে কর্মরত আছেন ৬ হাজার ৩৬৩ জন। অর্থাৎ, জেলার সাধারণ মানুষের কর্মসংস্থানের মূল ভরসা হয়ে উঠেছে স্থানীয় স্থায়ী দোকানপাট, ক্ষুদ্র ব্যবসা এবং গৃহভিত্তিক উদ্যোগগুলো।
জাতীয় শিল্পনীতি ২০২২-এর মানদণ্ড অনুযায়ী নেত্রকোনার শিল্পকাঠামো সাজালে দেখা যায়, জেলার অর্থনীতিতে মাইক্রো ও কুটির শিল্পের একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। এই দুই খাত মিলিয়েই জেলায় ইউনিটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৭৫টি, যা মোট অর্থনৈতিক ইউনিটের ৯৭ শতাংশেরও বেশি। আর জেলার মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশই তৈরি হয়েছে এই দুই খাত থেকে।
শুমারির তথ্য অনুযায়ী, জেলায় মাইক্রো শিল্প রয়েছে ৭৯ হাজার ৯১৫টি, যেখানে কাজ করছেন ১ লাখ ৩৫ হাজার ২৯৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা কুটির শিল্পের সংখ্যা ৪১ হাজার ৮৬০টি এবং এতে নিয়োজিত জনবল ৪৮ হাজার ৩৫৬ জন।
অন্যদিকে, জেলায় ক্ষুদ্র শিল্প রয়েছে ৩ হাজার ৪২০টি, যেখানে কর্মসংস্থান হয়েছে ২৭ হাজার ১২৩ জনের। মাঝারি শিল্প রয়েছে ১৬৩টি (জনবল ৮ হাজার ৮২৬ জন) এবং বৃহৎ শিল্পের সংখ্যা ৩৫টি (জনবল ১০ হাজার ১৮৭ জন)। সংখ্যার বিচারে কম হলেও বৃহৎ ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে জেলার শিল্পায়নের ভিত্তি ধরে রেখেছে।
সেমিনারে জেলার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, জাতীয় পর্যায়ে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টিতে। ২০১৩ সালের শুমারিতে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ, এক দশকের ব্যবধানে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ। জাতীয়ভাবে এসব প্রতিষ্ঠানে বর্তমানে ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন জনবল কর্মরত রয়েছেন।
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডকে আধুনিক ও সুশৃঙ্খল তথ্যকাঠামোর আওতায় আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়ন করছে ‘বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ কার্যক্রম। সেমিনারে জানানো হয়, প্রথম পর্যায়ে দেশের ৪৫ হাজার ৩৯৮টি বৃহৎ ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে নিয়মিত হালনাগাদকৃত ও কাঠামোবদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর ফলে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা নির্ভুল ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুকশেদুল হক। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিমত ব্যক্ত করেন, অর্থনৈতিক শুমারির এই বস্তুনিষ্ঠ পরিসংখ্যান এবং বিএসবিআর ডাটাবেজ স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলবে। পাশাপাশি নেত্রকোনার সম্ভাবনাময় খাতগুলোতে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এই উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
একনজরে নেত্রকোনার অর্থনৈতিক শুমারি ২০২৪- মোট অর্থনৈতিক ইউনিট: ১,২৫,৩৯৩টি (গ্রামে ৭৬.৩৮%, শহরে ২৩.৬২%), প্রতিষ্ঠানের ধরন: স্থায়ী ৭৩,৭১৯টি, অর্থনৈতিক খানা ৪৬,২৯৬টি, অস্থায়ী ৫,৩৭৮টি, মোট কর্মরত জনবল (টিপিই): ২,২৯,৭৮৭ জন (গ্রামে ৬৮.৯৮%, শহরে ৩১.০২%), শিল্পের বিন্যাস: মাইক্রো ৭৯,৯১৫টি; কুটির ৪১,৮৬০টি; ক্ষুদ্র ৩,৪২০টি; মাঝারি ১৬৩টি ও বৃহৎ ৩৫টি, জাতীয় চিত্র: মোট ইউনিট ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি (১০ বছরে বৃদ্ধি ৪৯.৬৮%), মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন।


