লোকমান হাফিজ সিলেট সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এক রাতের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সোহান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে আরেক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে সোহানের মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের (২৪) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় আমিরের মা আম্বিয়া বেগমের হাতে কোপ লাগে। এতে ক্ষুব্ধ হয়ে আমির চাকু দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির একই গ্রামের মরহুম রফিক মিয়ার ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমিরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে কলেজছাত্র সোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই গ্রামের কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


