লোকমান হাফিজ, সিলেট সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় টার্গেটের সর্বশেষ অবস্থান জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত করা হয়। সীমান্তের ১২৮০/১-এস ও ১২৮০/২-এস পিলারের মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই অবস্থান শনাক্তের পর যৌথ আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে এলাকাটি ঘেরাও করে।
পরে বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


