কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলা তুলে নিতে বা আপস করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিপক্ষরা নিজেদের পুরোনো গাড়িতে আগুন দিয়ে উল্টো বাদীপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন নিহত রোজিনা বেগমের ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার শিপা।
লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২০২৫ সালের ২৬ মে সকালে স্থানীয় প্রভাবশালী আব্দুর রহিমগং আমার স্বামী ও দেবরদের ভোগদখলীয় কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন, এ সময় এর প্রতিবাদ করলে আব্দুর রহিমগংদের হামলায় জালাল আহমেদ ও রোজিনা বেগমসহ চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া হামলার ঘটনায় এক নারী গর্ভের সন্তানও হারান।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মামলার আসামিরা জেলহাজত থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু পরিবারটি আপসে রাজি না হওয়ায় গত ১২ নভেম্বর দিবাগত রাতে আসামিরা নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই ঘটনার দায় বাদীপক্ষের ওপর চাপাতে স্বামী, দেবরসহ নিরীহ আত্মীয়স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা চালানো হচ্ছে।
তাসলিমা আক্তার শিপা দাবি করেন, গাড়ি পোড়ানোর ওই ঘটনার দিন তার স্বামী ঘটনাস্থল থেকে প্রায় শত কিলোমিটার দূরে শেরপুরের ইনাথগঞ্জে অবস্থান করছিলেন। এছাড়া হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে বের হয়ে আদালতের হাজিরা না দিয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় পুরো পরিবার চরম নিরাপত্তহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গাড়ি পোড়ানোর ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তে আসামিদের সম্পৃক্ততা না মিললে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তার শিপা ছাড়াও নিহত রোজিনা বেগমের ১৩ বছরের ছেলে রেজওয়ান তাওয়াফ, স্বজন নুরুন্নাহার লুবনা ও রুনা বেগম উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, মূল আসামিদের আইনের আওতায় আনা এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


