রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বিশেষ চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় যারা আত্মগোপনে রয়েছেন, তাদের শনাক্ত করে গ্রেফতারে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ ছাড়া ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে। একই সঙ্গে সাইবার স্পেসেও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার সকালে রাজধানীর বারিধারা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার একই এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়।


