যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সংস্থাটির সদর দপ্তরে অধিকাংশ কর্মীর প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নেটওয়ার্কটি পুনরায় সচল করার কাজ চলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কটির নাম এনএসএনেট। সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদানে এটি ব্যবহার করেন। তবে নেটওয়ার্কটি অচল হওয়ার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা প্রভাবিত হয়েছে। তবে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন জানিয়েছেন, সফটওয়্যারের গুরুতর নিরাপত্তা ত্রুটি সমাধানে নেওয়া পদক্ষেপের কারণে এনএসএর কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী পুনরায় চালু হয়নি। তবে ঘটনাটিকে সাইবার হামলা হিসেবে দেখার কোনো ইঙ্গিত নেই।
এদিকে, নেটওয়ার্ক অচল হলেও এশিয়া সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতা এতে প্রভাবিত হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ক্ষেত্রে সরকারের বিকল্প নিরাপদ যোগাযোগব্যবস্থা রয়েছে।


