নিজস্ব প্রতিবেদক: অভাবের সংসারে অনেক কষ্টে জোগাড় করা তিনটি এক হাজার টাকার নোট। একজন কৃষকের সন্তানের কাছে এই টাকা কেবল কাগজের নোট নয়, মাধ্যমিকের গণ্ডি পেরোনোর স্বপ্ন। অথচ বিদ্যালয়ের নির্ধারিত দাবির চেয়ে মাত্র ২০০ টাকা কম হওয়ায় সেই টাকাগুলো অবলীলায় ছুড়ে ফেলে দিলেন এক শিক্ষক! অপমান আর অসহায়ত্বের গ্লানি নিয়ে ফরম পূরণ না করেই বাড়ি ফিরতে হলো নেত্রকোনার প্রত্যন্ত হাওরাঞ্চলের এক এসএসসি পরীক্ষার্থীকে।
খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭-এর ফরম পূরণকে কেন্দ্র করে এমনই অমানবিক ও অনিয়মতান্ত্রিক ঘটনার অভিযোগ উঠেছে। গত ১৬ নভেম্বর থেকে বিদ্যালয়টিতে ফরম পূরণ শুরু হলেও শিক্ষা বোর্ড নির্ধারিত ফির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। বিপরীতে দেওয়া হচ্ছে না কোনো রসিদ।
হাওরপাড়ের এই জনপদের অধিকাংশ পরিবারই কৃষিনির্ভর ও নিম্ন আয়ের। গত বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ফসলহানি এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় এমনিতেই চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা। সামনে নতুন মৌসুমের আবাদ নিয়ে যখন তাঁদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, ঠিক তখনই সন্তানদের ফরম পূরণের এই বাড়তি খরচ তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩১৫ টাকা। এর মধ্যেই কেন্দ্র ফি বাবদ ৪৮৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বাঘাটিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে তিন হাজার ২০০ টাকা। অর্থাৎ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৮৮৫ টাকা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, পরিবারের আর্থিক টানাপোড়েনের মধ্যে অনেক কষ্টে সে তিন হাজার টাকা জোগাড় করে বিদ্যালয়ে গিয়েছিল। কিন্তু তিন হাজার ২০০ টাকার কমে ফরম পূরণ হবে না জানিয়ে বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া তার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এবং টাকাগুলো ছুড়ে ফেলে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে আর ফরম পূরণ করেনি।
সুরঞ্জিত তরফদার নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বোর্ড নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। টাকা নেওয়ার পর কোনো রসিদও দেওয়া হচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশিমতো টাকা আদায়ের এক অঘোষিত নিয়ম চালু করেছে।”
অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া তিন হাজার ২০০ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। বাড়তি ৮৮৫ টাকা কেন নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘কেন্দ্র ফি’ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে।
তবে বোর্ড নির্ধারিত দুই হাজার ৩১৫ টাকার ভেতরেই কেন্দ্র ফি বাবদ ৪৮৫ টাকা অন্তর্ভুক্ত থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও রসিদ না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিবেদককে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি কি প্রশাসনের লোক যে আপনার কথায় চলতে হবে? দেশের কোন জায়গায় ফরম পূরণ বাবদ রসিদ দেয়, এটা আমাকে দেখান।” এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি ভিন্ন যুক্তি দেখিয়ে বলেন, “আমরা সেশন ফি বাবদ বাড়তি টাকা নিচ্ছি। আমাদেরও তো কিছু বাড়তি খরচ আছে।” একই শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে সেশন ফি আদায়ের আইনি বৈধতা ও অতিরিক্ত টাকা নেওয়ার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি ‘পরে কথা বলবেন’ বলে সংযোগ কেটে দেন।
কেবল ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ই নয়, বিদ্যালয়টির সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়েও স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকেরা প্রায়ই অনুপস্থিত থাকেন এবং নির্ধারিত সময়সূচি না মেনে ইচ্ছেমতো বিদ্যালয় খোলা ও বন্ধ করা হয়। বিষয়টি প্রধান শিক্ষককে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এ ছাড়া বিদ্যালয়টিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে কেবল মানবিক বিভাগেই পড়াশোনা করছে।
এরই মধ্যে স্থানীয়ভাবে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। কয়েকজন অভিভাবকের দাবি, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা খুবই কম হওয়ায় প্রধান শিক্ষক ছয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে বিষয়টি জানাজানি হওয়ায় পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও পাসের হার নিয়ে এলাকায় গভীর শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও অতিরিক্ত টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”
হাওরাঞ্চলের পিছিয়ে পড়া জনপদের মানুষের কাছে শিক্ষাই যখন দারিদ্র্য জয়ের একমাত্র হাতিয়ার, তখন বিদ্যালয়ের এমন রসিদবিহীন অর্থ আদায় ও প্রশাসনিক অনিয়ম শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই আদায়কৃত অর্থের খাত, অনুমোদন, রসিদ না দেওয়ার কারণ এবং বিদ্যালয়ের সার্বিক পাঠদান কার্যক্রম খতিয়ে দেখতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।


