নিজস্ব প্রতিবেদক: পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনাধারা, শান্ত সোমেশ্বরী নদীর স্ফটিকস্বচ্ছ জল, আর দিগন্ত বিস্তৃত হাওরের জলজ ক্যানভাস- সব মিলিয়ে নেত্রকোনা যেন প্রকৃতির এক জীবন্ত রূপকথা। শুধু কি নিসর্গ? এ মাটি জন্ম দিয়েছে হুমায়ূন আহমেদ ও নির্মলেন্দু গুণের মতো বরেণ্য মানুষদের, আর যুগ যুগ ধরে এখানে পাহাড়ের ঢালে বর্ণিল জীবন সাজিয়েছে গারো ও হাজং সম্প্রদায়। অথচ দেশের একমাত্র সাদামাটির পাহাড় কিংবা মেঘালয়ের কোলঘেঁষা অপরূপ এই জনপদে এসে পর্যটকদের পড়তে হয় চরম ভোগান্তিতে; নেই ন্যূনতম বিশ্রামাগার বা একটি ভালো শৌচাগার। তবে দীর্ঘদিনের বঞ্চনা আর আক্ষেপের দিন হয়তো ফুরোতে চলেছে। নেত্রকোনাকে দেশের পর্যটন মানচিত্রে আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে এবার বড় পরিসরে কাজ শুরু করেছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দুর্গাপুরের লক্ষ্মীপুর পাহাড়, বান্দরের টিলা, বিজয়পুরের সাদামাটির পাহাড় ও জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল। তাদের চোখে কেবল প্রকৃতির সৌন্দর্যই ধরা পড়েনি, ধরা পড়েছে অপার সম্ভাবনার নতুন রূপরেখা।
পর্যটনকে কেবল ইট-পাথরের বিলাসবহুল রিসোর্টের মধ্যে আটকে না রেখে, এখানকার মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করার অভিনব স্বপ্নের কথা জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। তার মতে, কমিউনিটি ট্যুরিজম বা ইকো-ট্যুরিজম হতে পারে এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। স্থানীয় বাসিন্দারা যদি তাদের নিজেদের বসতবাড়িতে পর্যটকদের জন্য অতিরিক্ত কক্ষ ছেড়ে দিয়ে ‘হোম-স্টে’র ব্যবস্থা করেন, তবে পর্যটকরা যেমন গারো-হাজংদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পাবেন, তেমনি স্থানীয়রাও আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। পাশাপাশি, হাওরের সুস্বাদু মিঠা পানির মাছ পর্যটকদের কাছে হতে পারে অন্যতম বড় আকর্ষণ।
শুধু দুর্গাপুর নয়, এর আগে কলমাকান্দার বিস্তীর্ণ জলরাশি ও পাহাড়ি ঢলও পরিদর্শন করে প্রতিনিধি দলটি, যেখানে বর্ষায় একেকটি গ্রাম যেন ভাসমান দ্বীপের মতো জেগে থাকে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর মতে, নেত্রকোনার সবচেয়ে বড় সুবিধা হলো এর বহুমুখী যোগাযোগ ব্যবস্থা। এখানে সড়ক, রেল ও নৌপথ- এই তিনের সমন্বয়ে ‘মাল্টিমোডাল কানেক্টিভিটি’ গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে।
ইতিমধ্যেই পর্যটন শিল্পের বিকাশে সারা দেশের জন্য মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা দ্রুতই অনুমোদনের অপেক্ষায়। এই পরিকল্পনার আওতায় নেত্রকোনায় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে হোটেল-রিসোর্ট নির্মাণ এবং দর্শনার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপনের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
নেত্রকোনার রূপান্তরের এই যাত্রায় স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের ‘রাষ্ট্রদূত’ বা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে প্রতিনিধি দলটি। সঠিক পরিকল্পনা আর স্থানীয়দের আন্তরিকতা যুক্ত হলে, সাদামাটির এই প্রান্তর অচিরেই হয়ে উঠতে পারে দেশি-বিদেশি পর্যটকদের সবচেয়ে প্রিয় গন্তব্য।


