ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত বিষয়টি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে, ভারতের অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের কাছে একাধিকবার আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে আসছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।


