দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ওঅপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ছাত্রদল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং কোনো ধরনের প্ররোচনায় জড়িয়ে না পড়ার নির্দেশনা দেন তিনি।
অন্যদিকে জাতীয় সংসদে অধিবেশনের বিরতিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে উল্লেখ করে নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


