নিজস্ব প্রতিবেদক: সাত বছর বয়স- ভোরবেলা ঘুম থেকে উঠে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে হাসিমুখে স্কুলে যাওয়ার কথা তার। সহপাঠীদের সঙ্গে খুনসুটি আর পড়াশোনার মাঝেই যার ছোট্ট পৃথিবী সীমাবদ্ধ থাকার কথা, সেই ওমর ফারুক এখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। কপালে তার ছয়টি সেলাই। অথচ তার একমাত্র ‘অপরাধ’ ছিল, স্কুলে যাওয়ার পথে তাকে নিয়মিত মারধরের বিচার চেয়েছিল সে তার দাদির কাছে। আর সেই বৃদ্ধা দাদিকে যখন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে কোপাচ্ছিল, তখন নিজের ছোট্ট শরীরটা নিয়ে রক্ষাকবচ হতে ছুটে গিয়েছিল শিশুটি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানারকান্দি গ্রামে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা। ওমর ফারুক ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। একটি শিশুর প্রতি এমন অমানবিক আচরণে পুরো এলাকায় বইছে নিন্দার ঝড়।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজুর বাড়ির সামনে দিয়ে যেতে হতো শিশু ফারুককে। সেখানে প্রায়ই তাজুর পরিবারের অন্য শিশুরা ফারুকের পথ আটকে মারধর করত। শারীরিক ও মানসিক নিপীড়ন সইতে না পেরে একপর্যায়ে শিশুটি তার দাদি কোকিলা খাতুনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বিষয়টি জানায়। নাতনির কষ্ট দেখে দাদি এর মৌখিক প্রতিবাদও করেছিলেন। কিন্তু তাতে অত্যাচার তো কমেইনি, বরং তা এক ভয়াবহ রূপ নেয়।
গত মঙ্গলবার সকালে স্কুল থেকে ফেরার পথে আবারও একই ঘটনার শিকার হয় প্রথম শ্রেণির এই শিক্ষার্থী। নাতির চোখের পানি সইতে না পেরে সেদিন তাকে হাত ধরে সঙ্গে নিয়েই প্রতিবেশী তাইজ উদ্দিনের বাড়িতে সরাসরি বিচার চাইতে যান দাদি কোকিলা খাতুন। প্রতিবেশীসুলভ কোনো আচরণের দেখা মেলেনি সেখানে, উল্টো বিচার চেয়ে বাড়ি ফেরার পথে ঘটে যায় এক রক্তক্ষয়ী ঘটনা।
অভিযোগ সূত্রে জানা গেছে, পথিমধ্যে তাইজ উদ্দিন (৫০) এবং তার ছেলে এমরানসহ (৩২) কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধা কোকিলা খাতুনের ওপর অতর্কিত হামলা চালায়। চোখের সামনে নিজের বয়োবৃদ্ধ দাদিকে আক্রান্ত হতে দেখে আর স্থির থাকতে পারেনি সাত বছরের শিশু ফারুক। অবুঝ মন নিয়ে দাদিকে বাঁচাতে সে সামনে ছুটে যায়। ঠিক তখনই পাষণ্ড এমরানের হাতে থাকা ধারালো রামদা নেমে আসে শিশুটির ওপর। সজোরে কোপ দেওয়া হয় ফারুকের মাথায়। মুহূর্তের মধ্যেই কপালের ডান পাশ ফেটে রক্তে ভেসে যায় শিশুটির মুখমণ্ডল ও শরীর।
শিশু ও বৃদ্ধার আর্তনাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তাদের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বৃদ্ধা কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশু ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে কালক্ষেপণ না করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, তার কপালের ক্ষতস্থানে ছয়টি সেলাই দিতে হয়েছে।
এ বর্বরোচিত ঘটনার পর গত বুধবার শিশুটির দাদি কোকিলা খাতুন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত তাইজ উদ্দিন, তার ছেলে এমরান এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা ও ছেলে পলাতক রয়েছেন। তাদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধার লিখিত অভিযোগ পাওয়ার পর ওই দিনই বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তবে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।”
যে বয়সে ফারুকের হাতে থাকার কথা পেন্সিল, সে বয়সে তাকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি- অবিলম্বে পাষণ্ড হামলাকারীদের গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।


