নিজস্ব প্রতিবেদক: সাধারণত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষগুলোতে থাকে গুরুগম্ভীর প্রশাসনিক পরিবেশ। তবে শনিবারের (১৪ নভেম্বর) চিত্রটি ছিল একেবারেই ভিন্ন। সেখানে ছিল না প্রথাগত ক্লাসরুমের কড়াকড়ি কিংবা পরীক্ষার নম্বরের কোনো চাপ। বরং প্রান্তিক মফস্বলের একঝাঁক শিক্ষার্থীর চোখেমুখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন আর ভিনদেশি একটি ভাষাকে আপন করে নেওয়ার অদম্য কৌতূহল। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ পরিণত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীদের এক প্রাণোচ্ছল মিলনমেলায়।
সকাল ৯টা বাজতেই জেলার ১০টি উপজেলা থেকে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ৭০ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে চারপাশ। এর মধ্যে সদর উপজেলা থেকে ২৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক এবং বাকি নয়টি উপজেলার প্রতিটি থেকে দুই জন করে শিক্ষক ও ৪৫ জন শিক্ষার্থী যোগ দেন। মূল লক্ষ্য একটাই- শিক্ষার্থীদের মনের গহিনে লুকিয়ে থাকা দীর্ঘদিনের ‘ইংরেজি ভীতি’ দূর করে ভাষাটির প্রতি ভালোবাসা তৈরি করা।
অনুষ্ঠানের শুরুতেই ধরা পড়ে ব্যতিক্রমী ও আন্তরিক আমেজ। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা যখন স্নেহমাখা অথচ দৃঢ় কণ্ঠে জানতে চাইলেন, “সবার কাছে খাতা-কলম আছে তো?”- তখনই স্পষ্ট হয়ে যায়, এটি নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়। শিক্ষার্থীদের তিনি মোবাইল ফোন সাইলেন্ট রেখে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “আমরা যারা শিক্ষার্থী, তাদের কাছে খাতা-কলম থাকবে না তা হতেই পারে না। স্যাররা যা বলবেন, তা নোট করতে হবে এবং না বুঝলে হাত তুলে প্রশ্ন করতে হবে। আজকের সেশনটি হবে পুরোপুরি অংশগ্রহণমূলক।”
প্রচলিত একমুখী বক্তৃতার বাইরে গিয়ে শিক্ষকদের প্রতিও ছিল বিশেষ বার্তা। মুন মুন জাহান লিজা শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমরা সবাই এখানে শিখতে এসেছি। বাচ্চাদের কীভাবে পড়ালে তাদের কাছে বিষয়টি আরও সহজে পৌঁছানো যায়, সেই কৌশলগুলোই আমরা একে অপরের সাথে শেয়ার করব। এখান থেকে অর্জিত জ্ঞান আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবেন।”
বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে ইংরেজি বলা, লেখা ও বোঝার দক্ষতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, অনুশীলনের মাধ্যমেই উচ্চারণের জড়তা কাটিয়ে ওঠা সম্ভব। প্যারাগ্রাফ, লেটার কিংবা থিসিস লেখার কৌশল আয়ত্ত করতে পারলে প্রান্তিক শিক্ষার্থীরাও আধুনিক কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে পারবে।
দুই শিফটে ভাগ করা কর্মশালার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল হাতে-কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) খ্যাতিমান ইংরেজি সংবাদ পাঠক ও বি.আর.ই.সি.-এর সাবেক সদস্য সালাহউদ্ দীন এবং নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার।
প্রশিক্ষণ পর্বে প্রজেক্টরে অডিও-ভিজ্যুয়াল ক্লিপ দেখিয়ে শিক্ষার্থীদের তাৎক্ষণিক ইংরেজিতে অনুভূতি ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ দেওয়া হয়। দেখা যায়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল হোসাইন খানসহ বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা বিনা জড়তায় মাইক্রোফোন হাতে ইংরেজিতে নিজেদের মতামত তুলে ধরছে। শুধু ইংরেজি উচ্চারণই নয়, তরুণ প্রজন্মের নৈতিকতা ও বড়দের উপদেশ মেনে চলার মতো জীবনমুখী শিক্ষাও তারা ইংরেজিতে চমৎকারভাবে ব্যাখ্যা করে। শিক্ষার্থীদের এমন নিখুঁত উচ্চারণ ও বাচনভঙ্গি দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রশিক্ষক সালাহউদ্ দীন এবং পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে।
অংশগ্রহণকারীদের এমন ইতিবাচক সাড়া দেখে অভিভূত সালাহউদ্ দীন জেলা প্রশাসনের নবীন ও প্রবীণ কর্মকর্তাদের কষ্টসাধ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনাদের উজ্জ্বল মুখগুলো দেখে মনে হচ্ছে প্রচেষ্টা সার্থক।” তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, আনুষ্ঠানিক বক্তব্যের সময় বাংলা ও ইংরেজি মিশিয়ে না বলে যেকোনো একটি ভাষায় শুদ্ধভাবে কথা বলার অভ্যাস গড়তে।
শিক্ষাকে কেবল একদিনের কর্মশালায় সীমাবদ্ধ না রেখে টেকসই করার ঘোষণাও আসে অনুষ্ঠানে। সালাহউদ্ দীন জানান, ভবিষ্যতে জেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনলাইনে মাসে অন্তত এক-দুবার ইন্টারঅ্যাক্টিভ সেশন আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারেন। নেত্রকোনার ঐতিহ্যবাহী আতিথেয়তা ও মাছের প্রশংসা করে ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে গিয়েও এমন কর্মশালা পরিচালনার আগ্রহ প্রকাশ করেন এই প্রবীণ সংবাদ পাঠক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। এছাড়া কালেক্টরেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দও উপস্থিত ছিলেন।
দিনশেষে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে যখন আনন্দঘন কর্মশালার পর্দা নামে, তখন উপস্থিত ৭০ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষকের চোখেমুখে আর কোনো ভীতি ছিল না। ছিল এক নতুন আত্মবিশ্বাসের ঝিলিক- ভীতিকে জয় করে ইংরেজি ভাষাকে আনন্দের সাথে নিজ নিজ শ্রেণিকক্ষে ছড়িয়ে দেওয়ার দৃপ্ত প্রত্যয় নিয়েই ঘরে ফেরেন তারা।


