নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ছয়টি বাসাবাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটে। এসব আকস্মিক ঘটনায় পুরো পৌরশহরে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার সন্ধ্যায়। ওই দিন সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত তার ব্যক্তিগত আইডি থেকে প্রথমে ভিডিওটি পোস্ট করেন। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর আইডি ও দলীয় গ্রুপে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিও ছড়িয়ে পড়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গভীর রাতে হামলা ও ভাঙচুরের তাণ্ডব চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় টার্গেট করে এসব হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে- দৌলতপুর এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসা। টেংগাপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতনের বাসা। একই এলাকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসা। টেংগাপাড়া এলাকায় দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসা। এবং মাইলোড়া এলাকায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত এবং ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম সৈকতের বাসা।
জানা যায়, হামলাকারীরা প্রতিটি বাড়িতে ত্রাসের রাজত্ব কায়েম করে। সাজ্জাদুল হাসানের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। শহীদ ইকবাল ও লতিফুর রহমান রতনের বাড়ির প্রধান ফটক ভেঙে ক্ষতিসাধন করা হয় এবং ইটপাটকেল ছুড়ে জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ করা হয়। সাংস্কৃতিক সম্পাদক সুলতান আহমেদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। তাদরে অভিযোগ, ঘরের ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এছাড়া মাহমুদ আল নূর সমাপ্ত ও শফিকুল ইসলাম সৈকতের বাড়িতেও ভাঙচুরের চিহ্ন রয়েছে।
পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ছয়টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে নতুন করে আতঙ্ক ছড়ায়। সেখানে পার্কিং করে রাখা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে তাৎক্ষণিকভাবে ট্রেনের গার্ড, রেলকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির মাত্র চারটি আসন পুড়ে ক্ষতি হয়। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ধ্বংসাত্মক এসব ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা হামলার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করেছেন। তবে উপজেলা বিএনপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন। নিজের ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতাকর্মীদের বাসাবাড়িতে যারা হামলা চালিয়েছেন, তাদেরও বাড়িঘর রয়েছে। তারা যেন পরিণতির জন্য প্রস্তুত থাকেন।
ঘটনার পর থেকে মোহনগঞ্জ পৌরশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ এ ধরনের সহিংসতা, ভাঙচুর ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শান্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।


