লোকমান হাফিজ, সিলেট সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর ওপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতু, যা স্থানীয়ভাবে নতুন ব্রিজ নামে পরিচিত, সেখানে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য দুই দফায় একটি লেন বন্ধ রেখে সংস্কারকাজ করা হবে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১১টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে। প্রথম দফায় ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মেরামতকাজ চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কারকাজ চলাকালে মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন ব্যবহার করে চলাচল করতে পারবে। এ সময় সেতু দিয়ে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প সড়ক হিসেবে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরামতকাজের সুবিধার্থে পর্যায়ক্রমে সেতুর একটি লেন বন্ধ রাখা হবে।
ফলে অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে। এতে সেতু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে চালকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নগরবাসী ও যানবাহন চালকদের নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্কারকাজ চলাকালে ভোগান্তি এড়াতে নগরবাসীকে আগাম পরিকল্পনা করে যাতায়াত এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে এসএমপি।


