জাহিদুল ইসলাম ডিমলা :
মাল্টা ও কমলার বাগানে মালচিং পদ্ধতি এবং আধুনিক সেচপ্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছেন নীলফামারীর ডিমলার কৃষক মো. মনিরুজ্জামান। ৪ বিঘা জমিতে ফল ও সবজির সমন্বিত চাষাবাদ করে যাবতীয় খরচ বাদ দিয়ে বছরে তার মোট আয় হচ্ছে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মৌলভীপাড়া সাতজান গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান ২০১৭ সালে ২৫০টি মাল্টাগাছ লাগিয়ে বাগান শুরু করেছিলেন।
পরবর্তীতে সেখানে কমলা চাষ যুক্ত করেন এবং ২০২৫ সালে শুরু করে মালচিং পদ্ধতিতে মৌসুমি সবজি চাষ। বর্তমানে ফলের বাগানের পাশাপাশি একই জমিতে শসাসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন মনিরুজ্জামান। মনিরুজ্জামানের কৃষি উদ্যোগের অন্যতম প্রধান আকর্ষণ বছরে চার দফায় শসা চাষ। মালচিং পদ্ধতিতে জমির বেড বিশেষ আবরণ দিয়ে ঢেকে রাখায় মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা জন্মায় না এবং পরিচর্যার শ্রম সাশ্রয় হয়।
অন্যদিকে, স্প্রিংকলার সেচ প্রযুক্তির মাধ্যমে বৃষ্টির মতো পানি ছিটিয়ে ফসলে সেচ দেওয়ায় পানির অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। বর্তমানে তাঁর বাগানের উৎপাদিত মাল্টা প্রতি কেজি ৭০-৮০ টাকা এবং কমলা প্রায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর সাথে শসা ও অন্যান্য মৌসুমি সবজি বিক্রির আয় যোগ হয়ে তাঁর এই উদ্যোগটি একটি লাভজনক কৃষি মডেলে পরিণত হচ্ছে।
বাগান প্রতিষ্ঠার শুরু থেকেই উপজেলা কৃষি অফিস থেকে তাকে মাল্টার চারা, সার, কৃষি উপকরণ এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। সম্প্রতি কৃষক মনিরুজ্জামানের এই বহুমুখী কৃষি উদ্যোগ পরিদর্শন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। এ সময় তাঁরা বাগানের ফলন ও আধুনিক সেচব্যবস্থা ঘুরে দেখেছে। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, একই জমিতে মাল্টা, কমলা ও মৌসুমি সবজি চাষ করে মনিরুজ্জামান একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের বহুমুখী চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অন্য কৃষকদেরও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “চার বিঘা জমিতে পরিকল্পিতভাবে চাষাবাদ করে তাঁর আর্থিকভাবে লাভবান হওয়াটা অত্যন্ত প্রশংসনীয় এবং অন্য কৃষকদের জন্য অনুকরণীয়। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফসলের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ধরনের উদ্যোগে সবসময় উৎসাহিত করবেন।
চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজি ও নিজস্ব উদ্যোগে পরিকল্পিত কৃষিকাজ করে যে স্বাবলম্বী হওয়া যায়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মনিরুজ্জামানের সাফল্য। ফলের বাগানের পাশাপাশি মৌসুমি সবজি চাষ করে একই জমি থেকে আয়ের একাধিক পথ তৈরি করা সম্ভব।
আগ্রহী তরুণরা উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন। এ ধরনের উদ্যোগ ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


