মৌলভীবাজারের কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরির ঘটনায় এক ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীকে পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কারাগারে ১৭ দিন কারাভোগের পর জামিনে বের হয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগি রশীদ মিয়া নামের এক ব্যবসায়ী।
মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সোমবার (৯ অক্টোবর) বিকালে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. রশিদ মিয়া। লিখিত বক্তব্যে রশিদ মিয়া দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় রাস্তার পাশের আকাশমনি, মেহগনি ও ইউক্যালিপটাস গাছ চুরি হয়। এ ঘটনায় পুলিশ সুপারকে অবহিত করায় স্থানীয় পুলিশের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ হয়। এর তিন দিন পর এসআই মিঠু জরুরি কথা আছে বলে তাকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখান বলে অভিযোগ করেন তিনি।
রশিদ মিয়া বলেন তাকে জিআর ১২২/২০২৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের সঙ্গে ফোনে যোগাযোগ ও চুরির তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তার মোবাইল ফোন যাচাই করলে এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পাশাপাশি ফেসবুকের ভুয়া আইডি থেকে তাকে ও তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আমি থানায় নতুন এসেছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


