গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় সুদের ঋণের টাকার জন্য পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামের এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১ নভেম্বর) গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
তাঁর পকেট থেকে সুদের কারবারিদের নাম লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা ‘পদ্মারাগ’ ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করেই ট্রেনের নিচে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা রশিদুল ইসলাম বকুল জানান, তাঁর মামা বিভিন্ন লোকজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে পাওনাদাররা ঋণের টাকার জন্য তাঁর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিলেন। সেই মানসিক চাপ ও হয়রানি সইতে না পেরেই তিনি এই পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহেদ গনি জানান, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তাঁর পকেট থেকে কয়েকজন সুদকারবারীর নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।”তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করার সুযোগ রয়েছে।


