গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক সেবনের অপরাধে মাসুদ রানা (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে।
আটকের পর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা বুজরুক জামালপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান ও মোমেনা বেওয়া দম্পতির ছেলে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


