বিনোদন ডেস্ক | The Mail BD
মা হওয়ার পর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার এসব মন্তব্যের প্রেক্ষাপটে নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে কথা বলেছেন তিনি। ক্যাটরিনার বার্তা অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে প্রত্যেকের নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠা উচিত।
যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মতামত কীভাবে ব্যক্তিগত আত্মবিশ্বাস ও নিজের সম্পর্কে ধারণাকে প্রভাবিত করতে পারে, তা নিয়েও কথা বলেন তিনি। ক্যাটরিনার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো প্রশংসা পাওয়া যায়, আবার কখনো সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু অন্যের মতামতকে নিজের আত্মমূল্যবোধের মাপকাঠি বানালে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন বয়ান যেন নিজেদের সম্পর্কে ধারণা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সেখানে অসংখ্য মানুষের অসংখ্য মতামত থাকে। সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের মতো করে বাঁচার পথ কঠিন হয়ে উঠতে পারে।
কখনো নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়
ক্যাটরিনা মনে করেন, জীবনের সব পর্যায়ে মানুষ একই রকম আত্মবিশ্বাস অনুভব করে না। কোনো দিন নিজেকে ভালো লাগে, আবার কোনো দিন নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করাও কঠিন মনে হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের প্রতি সৎ থাকা এবং নিজেকে বোঝার চেষ্টা করা জরুরি। অভিনেত্রীর ভাষায়, কখনো পৃথিবী মানুষকে উদ্যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক নিজেকেই হতে হবে। তাঁর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও সমালোচনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মাতৃত্বের পর শরীর নিয়ে কেন বিতর্ক?
গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক গঠন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন কয়েকজন ব্যবহারকারী। এ নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতে পারে। তারপরও একজন নারী কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে আসবেন, তা নিয়ে সামাজিক প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে চাপ সৃষ্টি করার প্রবণতা নিয়ে প্রশ্ন ওঠে।
ক্যাটরিনার সমর্থনে বলিউডের কয়েকজন তারকাও কথা বলেছেন। অভিনেত্রী পরিণীতি চোপড়া নারীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্যের সমালোচনা করেন। অন্যদিকে সালমান খানও ‘বিগ বস ২০’-এর একটি পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার সমালোচনা করেন।


