বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা তরুণ দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের কোর্ট রোড এলাকায় জেলা তরুণ দলের সভাপতি মোঃ রবিউল আউয়ালের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখার পাশাপাশি দেশ ও সরকারের উন্নয়নমূলক কাজ এবং সাফল্যের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তরুণ দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও সুশাসিত সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ ও অন্যায়-অবৈধ প্রভাবমুক্ত রাজনীতির চর্চা আবশ্যক। তরুণদের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে জনগণের সাথে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ রাজনীতির প্রকৃত সুফল দেখতে পায়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির। জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির লাভু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, দপ্তর সম্পাদক ইলিয়াস খান, সদর উপজেলা তরুণ দলের সভাপতি শামসুল আলম নান্না, পৌর তরুণ দলের সভাপতি মোঃ সোহেল শিকদার, পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি গাজী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন এবং তরুণ দলের মহিলা নেত্রী হেলেনা বেগম প্রমুখ।
আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে আসা তরুণ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মামুন।


