চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর ও ক্যাশে থাকা টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানি ইমরান মিজি (৪৫) গুরুতর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মাঝি (৪০) কাছে প্রায় তিন বছর আগে ১৯ হাজার ৯৫০ টাকা পাওনা ছিলেন ইমরান মিজি।
মামুন মাঝি দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করে অন্য দোকান থেকে মালামাল কেনাকাটা করায় ইমরান তার কাছে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় বাজার ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য ফারুক মেম্বার ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন এবং বিষয়টি প্রাথমিকভাবে সমাধান করে দেন বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পরই একদল বহিরাগতসহ মামুন মাঝি ও তার ভাইয়েরা দোকানে থাকা ইমরান মিজির ওপর অতর্কিত হামলা চালান।
অভিযোগকারীদের দাবি, মামুন মাঝি দক্ষিণ আইচায় ফোন করে ১০ থেকে ১৫ জনকে ডেকে এনে হামলা চালান। এ সময় তারা দেশীয় অস্ত্র, লাঠি,এস এস পাইপ ও মোটরসাইকেলের চেইন নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দোকানের ক্যাশ ও বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি ক্যাশ ভেঙে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দোকানী ইমরান মিজি (৪৫), ইসমাইল মেল্লা (৪৭), এবং মহিউদ্দিন, (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে অভিযুক্ত মামুন মাঝির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন,মৌখিক সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


