রুহল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলার স্থানীয় সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে স্পষ্ট করেছেন তিনি নিজেই।
সম্প্রতি ডিমলা থানার রাজা ফেসবুক আইডি থেকে ‘আমাদের ডিমলা’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে বাদশা সেকেন্দার ভুট্টুর ছবিসহ একটি ভুয়া শোক কার্ড পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, তিনি ইন্তেকাল করেছেন এবং তার জানাজার সময়সূচিও দিয়ে দেওয়া হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই পরিচিত ও শুভানুধ্যায়ীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।
ঘটনার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করেন সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু। পোস্টে তিনি লেখেন, “আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, জীবিত আছি। কে বা কারা আমার নামে মৃত্যুর এই জঘন্য গুজব ছড়াচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণ ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


