জাহিদুল ইসলাম ডিমলা:
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীর ডিমলায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এ আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অভিযানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা দেন অতিথিরা।
অতিথিরা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে। নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর কার্যক্রম ৩ মাসব্যাপী চলবে। এ সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।


