নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মাধুপাড়া বিওপির (বর্ডার অর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৫/৭-এস হতে আনুমানিক সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গাছোয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


