রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটির কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ডিমলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বাড়ানোর বিকল্প নেই। নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভায় দেশের সার্বিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


