নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখ (৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খাঁর করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত অটোরিকশাচালক শামসু শেখ পার্শ্ববর্তী জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলযোগে হোগলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক শামসু শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি বা অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


