নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবন ও নিজ হেফাজতে সংরক্ষণের অপরাধে রতন রবিদাস (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাতেই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রতন রবিদাস মদন উপজেলার ইমদাদপুর গ্রামের মৃত সুজন রবিদাসের ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার মদন থানাধীন ইমদাদপুর গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইমদাদপুর গ্রামস্থ রতন রবিদাসের বসতঘরে আকস্মিক অভিযান চালায় ডিএনসির একটি আভিযানিক দল। অভিযানকালে নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে রতন রবিদাসকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার। ভ্রাম্যমাণ আদালতের কাছে আটককৃত রতন রবিদাস নিজের অপরাধ স্বীকার করলে, বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডাদেশ প্রাপ্তির পর আইনি প্রক্রিয়া শেষে রাতেই কড়া পাহারায় আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।


